হেলথ ডেস্ক, ১৮ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৭৭৩ শিশু। আজ আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম–বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬৮৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৫ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭৮৪ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৭৪ শিশু। আর হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৬৯৯ শিশু। এ সময়ে নতুন করে ৬৪৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৪৯৮ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৭১০। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ১৪ হাজার ৩১৮ জন। একই সময়ে মোট ৯৯ হাজার ২৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৯৫ হাজার ৫২৯ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।