ভাঙ্গা (ফরিদপুর), ১৭ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার (১৭ জুলাই) ফরিদপুরের ভাঙ্গায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ত্যাগের বিনিময়ে বাংলাদেশে নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে।
তিনি বলেছেন, ‘গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং বিরোধীদলীয় নেতার সহযোগিতায় আমরা সবাই দলের ঊর্ধ্বে উঠে সংসদকে কার্যকর করার প্রচেষ্টা করছি। সেই সঙ্গে জনগণ যেন সব আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে সংসদ প্রতিষ্ঠিত হয়। সেই ভাবে আমরা সংসদ পরিচালিত করছি।’
এদিন উপজেলা ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা গ্রামে সহপাঠী বন্ধু বাকি মাতুব্বরের বাড়িতে জুমার নামাজ ও দুপুরের দাওয়াত অনুষ্ঠানে যোগদান করেন তিনি।
কায়সার কামাল বলেন, ‘মনে রাখা দরকার, আমাদের বাংলাদেশে তিনটা অঙ্গ আছে। একটি মহান সংসদ, একটি জুডিশিয়ারি বোর্ড ও আরেকটি এক্সিকিউটিভ, এর থেকে আমরা আইন প্রণয়ন করি। এই আইনটার পাক্ষিক চলাচল করে এক্সিকিউটিভ।
তিনি বলেন, ‘আমরা এ তিনটা অঙ্গের মধ্যে সমন্বয় করে নতুন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ গড়তে চাই। যে বাংলাদেশ পেতে আমাদের পূর্বপুরুষরা আত্মাহুতি দিয়েছে, রক্ত দিয়েছে। যে বাংলাদেশের জন্য আমাদের ছাত্র যুবকরা ২৪-এর গণঅভ্যুত্থানে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে।’
ডেপুটি স্পিকার বলেন, ‘অনেক মানুষ খুন হয়েছিল, গুম হয়েছিল, নিহিত হয়েছিল, ক্রসফায়ারে গিয়েছিল। সেই আকাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গড়তে আমরা সংসদের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করছি। আমরা যেন একটু ধৈর্যের পরিচয় দিই। বাংলাদেশে নতুন গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। সেই গণতন্ত্র হাঁটি হাঁটি পা পা করে চলছে। প্রাতিষ্ঠানিক রূপ পেতে গেলে জনগণেরও সেখানে সহনশীলতা এবং ধৈর্যের প্রয়োজন রয়েছে। সবাই মিলে আমাদের বাংলাদেশ, আমাদের মতো গড়ে তুলব।’
এসময় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘ডেপুটি স্পিকারের সফরটি অন্য কোনো সফর নয়, পুরোটাই ব্যক্তিগত। একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করা সেটা কোনো বিষয় নয়, ডেপুটি স্পিকার আমাদের বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু। এটা একটা ব্যাপার, রাষ্ট্র সরকার সংসদ এটাও একটা ভিন্ন ব্যাপার। সংসদকে তিনি সরকারি দল ও বিরোধীদলকে নিয়ে চমৎকারভাবে পরিচালনা করছেন। সারা দেশে সংসদ পরিচালনার বিষয় তিনি প্রশংসায় ভাসছেন, আমাদেরও ভালো লাগছে।’