ঢাকা, ১৬ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর পুরান পল্টনে বছরের পর বছর ফুটপাতে বসবাস করা অসহায় মুক্তা বেগম ও তার ছোট শিশু সন্তানের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান লুৎফুজ্জামান বাবর।

রাজধানীর পুরান পল্টনে এসে মুক্তার সঙ্গে কথা বলেন নেত্রকোনা-৪ আসনের সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এসময় তিনি তার অসহায়ত্বের বিষয়ে জানতে পারেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, ‘আমার নির্বাচনী এলাকা মোহনগঞ্জে তার বাড়ি। যখন জানতে পারি এই অসহায় নারী তার ছোট সন্তানদের নিয়ে রাস্তায় বসে থাকে, অনাহারে দিন কাটায় তখনই তার কাছে ছুটে এসেছি।’

তিনি মুক্তা বেগমকে বাড়ি বানিয়ে দেওয়ার আশ্বস্ত করে বলেন, ‘মোহনগঞ্জে ছোট একটি জায়গা দিয়ে তাকে বাড়ি বানিয়ে দেবো। এছাড়া এখন থেকে তার ছোট ছেলের দায়িত্ব নিয়েছি। তবে এখন তার জন্য একটি চাকরির ব্যবস্থা করাই আমার প্রথম কাজ বলেও জানান তিনি।

এ বিষয়ে মুক্তা বেগম বলেন, আমি আমার অসহায় দুই ছেলে ও এক মেয়ে নিয়ে বছরের পর বছর এখানেই বসে থাকি। অনেক সময় তাদেরকে কেউ নিয়ে যাবে এই ভয়ে আমি পায়ে দড়ি বেঁধে ঘুমায়। তবে এমপি সাহেব বলেছেন, তিনি আমাকে দেখে রাখবেন। এছাড়া সৃষ্টিকর্তার কাছে সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের জন্য দোয়া করেন তিনি।

প্রসঙ্গত, মুক্তা বেগমের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জে। তার দুই ছেলে এক মেয়ে। মেয়েকে বিয়ে দিয়েছেন এবং বড় ছেলে মাদকাসক্ত। এখন ছোট ছেলে মেহেদিকে নিয়েই তার সংসার।