আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১৬ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে রংপুরের জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জুলাইয়ের চেতনা-অর্থাৎ আবু সাঈদসহ প্রায় ১ হাজার ৪০০ শহীদের আত্মত্যাগ আগামী দিনে গণতন্ত্রকে সুসংহত করা এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার প্রেরণা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে। একই সঙ্গে বিরোধী দলও এ ক্ষেত্রে সহযোগিতা করছে। সরকারি ও বিরোধী দল একসঙ্গে গণতন্ত্রকে শক্তিশালী করার পাশাপাশি জুলাই সনদও অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায়। তবে বিরোধী দলের সংসদীয় বক্তব্যকে তিনি তাদের রাজনৈতিক অবস্থান বলে মন্তব্য করেন।

আহমেদ আযম খান বলেন, বর্তমান সরকার জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি সম্মান জানিয়েই কাজ করে যাচ্ছে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

১৬ জুলাইয়ের তাৎপর্য তুলে ধরে মন্ত্রী বলেন, ‘ঐতিহাসিক ১৬ জুলাই, বেদনাবিধুর ১৬ জুলাই, সংগ্রাম ও বিদ্রোহের ১৬ জুলাই। দুই বছর আগে এদিন রংপুরের আবু সাঈদ ও চট্টগ্রামের ওয়াসিম আকরামের আত্মত্যাগ জুলাই আন্দোলনে সাধারণ মানুষকে সম্পৃক্ত করেছিল। গণতন্ত্র পুনরুদ্ধারের সেই আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকার দিনটিকে জাতীয় শহীদ দিবস ও জুলাই শহীদ দিবস ঘোষণা করেছে।’

এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামুসহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জুলাই শহীদ দিবস উপলক্ষে সকালে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, জুলাই শহীদ পরিবারের সদস্য ও বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।

এদিকে দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি পালিত হচ্ছে।

বিকেলে মন্ত্রী পীরগঞ্জ উপজেলার বাবনপুরে শহীদ আবু সাঈদের সমাধিস্থল পরিদর্শন করেন। সেখানে তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ গ্রহণ করেন।

এদিকে জুলাই শহীদ দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শহীদ আবু সাঈদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা শহীদ আবু সাঈদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় এনসিপির নেতা সারজিস আলম, সংসদ সদস্য নাহিদ ইসলাম, সংসদ সদস্য আখতারুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের অবদান স্মরণ করে তাদের আদর্শ ধারণের আহ্বান জানান।