মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ১৫ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলার আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সরদারসহ ৯ জন পেশাদার ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় তাদের কাছ থেকে একটি নোহা মাইক্রোবাস, ডিবি লেখা তিনটি জ্যাকেট, একটি হ্যান্ডকাফ, দুটি খেলনা পিস্তল, দুটি ইলেকট্রিক শক মেশিন, তিনটি স্টিলের ধারালো সুইচ গিয়ার এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। আজ বুধবার (১৫ জুলাই) ঢাকা জেলা ডিবি (উত্তর) কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. আব্দুল মুত্তালিব ও সঙ্গীয় ফোর্স ১৪ জুলাই রাত ৯টা ৫ মিনিটে আশুলিয়ার নবীনগর জাতীয় স্মৃতিসৌধ সংলগ্ন জয় রেস্তোরাঁর পার্কিং এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ডিবি ও র‍্যাব সদস্য পরিচয়ে ডাকাতি করে আসছিল।
পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক ডাকাতি, মাদক, ছিনতাই ও অন্যান্য অপরাধে পূর্বের মামলা রয়েছে। এর মধ্যে একজনের বিরুদ্ধে ৭টি, আরেকজনের বিরুদ্ধে ৬টি এবং অন্যদের বিরুদ্ধেও একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।