হেলথ ডেস্ক, ০৯ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত হামে মোট ৭৪৭ শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬৫৪ শিশু। আর পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৯৩ শিশু। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৭ জনে।

এদিকে, একই সময়ে সারা দেশে আরও ৮১৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। এর ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৮ হাজার ৯৯৮।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ১২৮ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে মোট নিশ্চিত হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ১৯৮।

প্রতিবেদনে আরও বলা হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২ হাজার ৩১ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৮ হাজার ৪১৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গে মারা যাওয়া দুই শিশুর একজন ঢাকা বিভাগের এবং অন্যজন সিলেট বিভাগের বাসিন্দা।