ঢাকা, ০৮ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা’ শীর্ষক এ সেমিনারে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ষড়যন্ত্রের মাধ্যমে ১১–দলীয় জোটকে পরাজিত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, এ ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারেরও সংশ্লিষ্টতা ছিল।
ডা. শফিকুর রহমান বলেন, তাঁরা নির্বাচন চেয়েছিলেন, তবে ‘নির্বাচনের নামে ষড়যন্ত্র’ চাননি। তাঁর ভাষ্য, অন্তর্বর্তী সরকারের যাদের নিরপেক্ষ হিসেবে পরিচয় ছিল, তাঁরাও ওই ষড়যন্ত্রে অংশ নিয়েছেন। তিনি দাবি করেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেরাই স্বীকার করেছেন যে ষড়যন্ত্র করে ১১–দলীয় জোটকে হারানো হয়েছে।
নির্বাচনের ফল মেনে নেওয়ার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর পর অনুষ্ঠিত নির্বাচনের ফল প্রত্যাখ্যান করা হলে দেশে অস্থিরতা ও সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারত। সে কারণেই দায়িত্বশীলতার জায়গা থেকে ১১–দলীয় জোট ফল মেনে নিয়েছে। তবে একই সঙ্গে তারা গণভোটের রায় বাস্তবায়নের দাবি অব্যাহত রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, শহীদ পরিবারের শোকের সময় কিছু রাজনৈতিক দলের নির্বাচনের দাবিকে তিনি অনুপযুক্ত বলে মনে করেন। তাঁর দাবি, সে সময় তাদের উচিত ছিল ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো।
বিএনপির সমালোচনা করে জামায়াত আমির বলেন, দলটি আগে জুলাই সনদকে ‘অন্তহীন প্রতারণার দলিল’ বলেছিল। পরে সংসদে তাদের অবস্থানের মাধ্যমে বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন তিনি।