পটুয়াখালী, ০৫ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রোববার (৫ জুলাই) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নুর বলেছেন, ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার সম্পন্নের মাধ্যমেই দেশের ইতিহাসে রক্তাক্ত সেই অধ্যায়ের অবসান ঘটবে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে সংঘটিত জুলাইয়ের হত্যাকাণ্ড ছিল একটি বর্বরোচিত ঘটনা। বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রবিরোধী ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত রাজনৈতিক দলগুলো আইনগতভাবে নিষিদ্ধ হয়েছে। বাংলাদেশেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলার অভিযোগে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের কার্যক্রম আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিদেশে অবস্থানরত কিছু ব্যক্তির উসকানিতে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে নুর বলেন, যারা বিদেশে অবস্থান করছেন, তারা চাইলে সেখানকার প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত হতে পারেন অথবা নতুন রাজনৈতিক দল গঠন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে পারেন। কিন্তু দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা গ্রহণযোগ্য নয়।

সভায় প্রতিমন্ত্রীর সহধর্মিণী মোসা. মারিয়া আক্তার, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রমের খোঁজখবর নেন এবং জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।