আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ০৫ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জ উপজেলার ছোট উজিরপুর গ্রামে পল্লী বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে সহোদর দুই ভাইয়ের বসতবাড়ি সহ প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।

৪ জুলাই শনিবার সকাল ৭টায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত দুই ভাই ছোট উজিরপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মো. বেলাল মিয়া ও রাশেদুল মিয়া। ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, আগুনে তাঁদের পাঁচটি ঘর,৭০ মন চাল, ধান,আলু সহ ঘরের সকল আসবাবপত্র ও স্বর্ণালঙ্কার, গরু বিক্রির নগদ দেড় লক্ষ টাকা সহ ২০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভষ্ম হয়েছে।

পল্লী বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে অগ্নিকান্ড ঘটেছে মর্মে নিশ্চিত হওয়া গেছে। অগ্নিকান্ডের ঘটনা মূহূর্তেই চারিদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘরের ভেতরের কোন জিনিসপত্র রক্ষা করা সম্ভব হয়নি।

রাত ৯:৩০ মিনিটে রংপুর জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপি আহবায়ক জননেতা সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্থ বাড়িঘর ঘুরে ঘুরে দেখেন এবং আবেগে চোখের পানি ধরে রাখতে পারেননি,কান্নায় ভেঙ্গে পড়েন। ওই পরিবারের সবাইকে শান্তনা দিতে গিয়ে অগ্নিকান্ডে অল্পের জন্য বেঁচে যাওয়া একটি নিষ্পাপ শিশুকে কোলে নিয়ে আদর করেন। এ সময়ে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক

সৈয়দ রায়হান বিপ্লব সহ সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ। পরে সাইফুল ইসলাম কিছু কাপড়-চোপড় ও নগদ অর্থ প্রদান করেন এবং আরও সহযোগিতার আশ্বাস দেন। এ ছাড়াও তিনি সমাজের সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতার আহবান জানান।