ঢাকা, ২৯ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার (২৯ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে অর্থবিলটি পাস হয়। কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করে অর্থবিল ২০২৬ সংসদে পাস হলো। ২০২৬-২৭ অর্থবছরের এই বাজেটে ব্যক্তির করমুক্ত আয়সীমা ৪ লাখ করা হয়েছে।

এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অধিবেশনে উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গত ১১ জুন সংসদে উত্থাপতি বাজেট বক্তৃতায় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএন সার্টিফিকেট, খুচরা বিক্রেতাদের পণ্য বিক্রির ওপর অগ্রিম করের প্রস্তাব করেছিলেন। পাস হওয়া বাজেটে এগুলো বাতিল করা হয়েছে। ফলে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএন সার্টিফিকেট লাগবে না। খুচরা বিক্রেতাদের পণ্য বিক্রির ওপর অগ্রিম কর নেওয়া হবে না।

এটি তারেক রহমান সরকারের প্রথম বাজেট। প্রস্তাবিত বাজেটে কিছু সংশোধনী প্রস্তাব করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যক্তির করমুক্ত আয়সীমা ৪ লাখ করার প্রস্তাব রয়েছে।