মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ২৬ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর দুমকি উপজেলার ৩ নম্বর মুরাদিয়া ইউনিয়ন পরিষদের সচিব আমিনুল ইসলামের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিলের কাজ থেকে ১০ শতাংশ কমিশন দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার বক্তব্য সংবলিত একটি ভিডিও সামাজিকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে উপজেলা প্রশাসনের জন্যও ৫ শতাংশ কমিশনের কথা বলতে শোনা যায়।
বৃহস্পতিবার (২৫ জুন) পাওয়া ভিডিওতে সচিবকে বলতে শোনা যায়, সরকারি ভ্যাট-ট্যাক্স ১৭ শতাংশ, জামানত ৫ শতাংশ, তার জন্য ১০ শতাংশ এবং উপজেলা প্রশাসনের জন্য ৫ শতাংশসহ মোট ৩৭ শতাংশ অর্থ রাখতে হবে।
মুরাদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফোরকান হাওলাদার জানান, প্রায় সাড়ে ৬ লাখ টাকার উন্নয়ন কাজ নিয়ে পরিষদের সভায় আলোচনা চলাকালে সচিব আমিনুল ইসলাম ১০ শতাংশ কমিশন এবং উপজেলা প্রশাসনের জন্য ৫ শতাংশ দাবি করেন। এ সময় উপস্থিত ইউপি সদস্যরা এর প্রতিবাদ জানিয়ে বলেন, আগে কখনও এ ধরনের কমিশন নেওয়া হয়নি।
তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সচিব আমিনুল ইসলাম বলেন, তিনি এমন কোনো কথা বলেননি। তার দাবি, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও হতে পারে।
এ বিষয়ে বক্তব্য জানতে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুলাহ খায়রুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, সরকারি উন্নয়ন কাজে এ ধরনের কমিশন নেওয়ার কোনো সুযোগ নেই। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।