ঢাকা, ২৫ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি আয়োজিত ‘সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’ এর প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে টিআইবি জানায়, সরকারি পর্যায়ে সেবা খাতে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত হয়েছে পাসপোর্ট অফিস। টিআইবির প্রতিবেদন অনুযায়ী, পাসপোর্ট সেবায় ঘুষের শিকার হওয়া খানার হার জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ৭৬ দশমিক ৬ শতাংশ। পাসপোর্ট অফিসের পর দুর্নীতিগ্রস্ত খাত বিআরটিএ।

জরিপ অনুযায়ী, পাসপোর্টের সেবা গ্রহণে দুর্নীতির শিকার হওয়া খানার হার জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ৮৪ দশমিক ৪ শতাংশ। যার হার গ্রামাঞ্চলে ৮৭ শতাংশ ও শহরাঞ্চলে ৭৯ দশমিক ৪ শতাংশ। আর এই খাতে ঘুষের শিকার হওয়া খানার হার জাতীয় পর্যায়েও সর্বোচ্চ ৭৬ দশমিক ৬ শতাংশ। যার হার গ্রামাঞ্চলে ৭৯ দশমিক ১ শতাংশ এবং শহরাঞ্চলে ৭১ দশমিক ৮ শতাংশ।

আর দ্বিতীয় অবস্থানে রয়েছে বিআরটিএ। এই কার্যালয়ে সেবা নেওয়ার সময় দুর্নীতির শিকার হওয়া খানার হার জাতীয় ৭৯ দশমিক ৩ শতাংশ। যার হার গ্রামাঞ্চলে ৮০ দশমিক ৪ শতাংশ ও শহরাঞ্চলে ৭৭ দশমিক ৭ শতাংশ। আর এই খাতে ঘুষের শিকার হওয়া খানার হার জাতীয় পর্যায়ে ৬৩ দশমিক ৫ শতাংশ। যার হার গ্রামাঞ্চলে ৬১ দশমিক ৫ শতাংশ ও শহরাঞ্চলে ৬৬ দশমিক ৩ শতাংশ।

জরিপে উল্লেখ করা হয়, পাসপোর্ট অফিস ও বিআরটিএর পর অন্যান্য প্রধান সেবা খাতগুলোর দুর্নীতির হার যথাক্রমে- বিচার সংশ্লিস্ট সেবা ৭১ দশমিক ৩ শতাংশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ৬৯ দশমিক ৪ শতাংশ, ভূমি সেবা ৬৬ দশমিক ৩ শতাংশ।

এছাটা পাসপোর্ট অফিস ও বিআরটিএর পর অন্যান্য প্রধান সেবা খাতগুলোর ঘুষের হার যথাক্রমে— আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ৪৯ দশমিক ৩ শতাংশ, কৃষি ৪৯ দশমিক ৩ শতাংশ এবং ভূমি সেবা ৪৭ দশমিক ৬ শতাংশ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সার্বিকভাবে দেশের ৮১ দশমিক ৬ শতাংশ পরিবার অন্তত একটি খাতে দুর্নীতির শিকার হয়েছে। একইভাবে সার্বিকভাবে দেশের ৬৩ দশমিক ৬ শতাংশ পরিবার অন্তত একটি খাতে ঘুষের শিকার হয়েছে।