ঢাকা, ২২ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে নাশকতা রোধে দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছে সরকার। আজ রবিবার (২২ জুন) থেকে আগামী ৩০ জুন পর্যন্ত এ নির্দেশ কার্যকর থাকবে। আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক জরুরি চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।

এ প্রেক্ষাপটে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে সেনাসদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

সেনা মোতায়েনের আওতায় থাকা এলাকাগুলো হলো— ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কার্যালয় থেকে প্রাপ্ত চিঠির ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে সংশ্লিষ্ট এলাকায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে বলে জানা গেছে।