মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ১৫ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর দুমকিতে হামে আক্রান্ত হয়ে ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত শিশুটির নাম মুনতাহা। সে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জলিশা গ্রামের বাসিন্দা সৈয়দ রফিকুল ইসলাম (বাবু)-এর কন্যা।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩০ মে হামের উপসর্গ নিয়ে মুনতাহাকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে হাম প্রতিরোধে শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।