মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ১৪ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): মেরামত কাজ শেষ হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কক্ষে ছাদ চুঁইয়ে বৃষ্টির পানি প্রবেশ করায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাছে লিখিত অভিযোগ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আজ রোববার (১৪ জুন) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল ইসলাম( শাহীন) পটুয়াখালী স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বরাবর পাঠানো এক চিঠিতে জানান, গত ১২ জুন সম্পন্ন হওয়া মেরামত কাজের পর সাম্প্রতিক বৃষ্টিতে স্টোর রুম, ওয়ার্ড ও অন্যান্য কক্ষে পানি প্রবেশ করছে। এতে মালামালের ক্ষতি এবং চিকিৎসাসেবায় বিঘ্ন সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।
চিঠিতে ছাদের ওয়াটারপ্রুফিং স্তরে ত্রুটির অভিযোগ তুলে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এর অনুলিপি স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।
ডা. মীর শহীদুল ইসলাম(শাহীন) বলেন, মেরামত কাজে ত্রুটির বিষয়টি সত্য এবং ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।