ঢাকা, ১৪ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করার পর তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার (১৪ জুন) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম।

তিনি বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে বর্তমানে দুদকের ছয়টি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার মধ্যে পাসপোর্ট জালিয়াতি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের হওয়া দুটি মামলার ভিত্তিতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছিল। সেই নোটিশের পরিপ্রেক্ষিতেই দুবাইয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আকতারুল ইসলাম আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় তাকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।