মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ১৪ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বিএনপির প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কালো মানিক নামের গরু উপহার দিতে চেয়ে আলোচনায় আসা পটুয়াখালীর মির্জাগঞ্জের সোহাগ মৃধাকে আজ রোববার (১৪ জুন) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (১৪ জুন) তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, সোহাগ মৃধার বিরুদ্ধে মারামারি ও পর্নোগ্রাফির ২টি মামলা রয়েছে। এর মধ্যে মারামারির মামলায় তিনি এক নম্বর এজাহারভুক্ত আসামি এবং পর্নোগ্রাফি মামলায় সহযোগী আসামি হিসেবে অভিযুক্ত। এসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোহাগ মৃধা গ্রেপ্তার থাকায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, ‘মারামারি ও পর্নোগ্রাফির মামলায় সোহাগ মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’
উল্লেখ্য, গত বছর বিএনপির প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-কে কালো মানিক গরু উপহার দিতে চেয়েছিলেন সোহাগ। বেগম জিয়া উপহার গ্রহণ করে কৃষক সোহাগ মিয়াকে তার পরিবারের সচ্ছলতা ফেরাতে উপহার হিসেবে গরুটি দিয়ে দেন। এবার পবিত্র ঈদুল আজহার হাটে সিলেটের এক ব্যবসায়ীর কাছে ২২ লাখ টাকায় গরুটি বিক্রি করে দেন সোহাগ।