ঢাকা, ০৭ মে ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আভিযানিক সক্ষমতা বাড়াতে ১৬৩টি যানবাহন কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে ৩টি জিপ, ১০০টি প্যাট্রল পিকআপ ও ৬০টি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) মাইক্রোবাস। দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব যানবাহন সংগ্রহ করা হবে। এতে ব্যয় হবে ১২২ কোটি ২৭ লাখ ৪৫ হাজার টাকা। আজ বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ–সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ‘র‍্যাব ফোর্সেসের আভিযানিক সক্ষমতা বৃদ্ধি (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৫–২৬ অর্থবছরের জন্য যানবাহন কেনার প্রস্তাব উপস্থাপন করা হয়। পর্যালোচনা শেষে মন্ত্রিসভা কমিটি তা অনুমোদন দেয়।

প্রস্তাব অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব যানবাহন সংগ্রহ করা হবে। এর আগে গত ২৭ জানুয়ারি অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিইএ) বৈঠকে প্রস্তাবটি নীতিগত অনুমোদন পায়।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত ৫ এপ্রিল অর্থ বিভাগের জারি করা পরিপত্রে সব ধরনের যানবাহন কেনা বন্ধ রাখা হলেও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং র‍্যাবের আভিযানিক সক্ষমতা বাড়ানোর প্রয়োজন বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ অনুমোদনের জন্য প্রস্তাবটি উত্থাপন করে।

২০১৮ সালের ৭ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদিত হয়। প্রকল্পের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০১৮ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। চলতি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) প্রকল্পটির জন্য ১৬০ কোটি টাকা বরাদ্দ রয়েছে।