মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ০১ মে ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি উত্তর)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিনব্যাপী পৃথক তিনটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি (উত্তর) সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

প্রথম অভিযানে এসআই মোঃ আঃ মুত্তালিব সঙ্গীয় ফোর্সসহ আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে নাঈম ইসলাম (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা।

দ্বিতীয় অভিযানে এসআই মোঃ আঃ হাই সঙ্গীয় ফোর্সসহ আশুলিয়ার পুরাতন ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে আল আমিন ভূঁইয়া (২২) নামে আরেকজনকে গ্রেফতার করেন। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ১৫ হাজার টাকা।

অপরদিকে তৃতীয় অভিযানে এসআই মোঃ আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সাভারের যাদুরচর এলাকায় অভিযান চালিয়ে ফরহাদ হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেফতার ফরহাদ হোসেনের বিরুদ্ধে পূর্বে একটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।