ঢাকা, ২৬ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগামী মঙ্গলবার জ্বালানি লোডিং কার্যক্রমের উদ্বোধন হতে যাচ্ছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগস্টের মাঝামাঝি সময়ে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। আজ রবিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানান।
তিনি বলেন, ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারির মধ্যে রূপপুরের প্রথম ইউনিট থেকে পূর্ণমাত্রায় বিদ্যুৎ পাওয়া যেতে পারে।
তিনি আরও জানান, দ্বিতীয় ইউনিটটি প্রায় এক বছর পর পূর্ণ সক্ষমতায় উৎপাদনে আসতে পারে।
এর আগে ১৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) রূপপুরের প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স প্রদান করে। এর ফলে ২৮ এপ্রিল জ্বালানি লোডিং কার্যক্রম শুরু করার পথ প্রশস্ত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সময় স্বল্পতার কারণে এই উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাশিয়ার প্রেসিডেন্ট উপস্থিত থাকতে পারছেন না।
তবে অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীসহ রাশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রী এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিরা প্রকল্প এলাকায় উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করবেন।
এদিকে, জ্বালানি লোডিংয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।