ঢাকা, ২৬ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে।এর মধ্যে হামে আক্রান্ত হয়ে এক শিশু এবং হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৪৩ জনের। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬০৩ জনে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১৬ জনে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৫৯ জন। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৭৪ জন।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২১ হাজার ৪৩৪ জন। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১৭ হাজার ৯৫৫ জন।