মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ২৬ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের বশাক বাজার পক্ষীয়া গ্রামে পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগে অধ্যক্ষ সাইয়েদ আহম্মাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী ও স্থানীয় এলাকাবাসী।
আজ রবিবার সকাল সাড়ে ১০টায় সংশ্লিষ্ট কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী পরিবারসহ এলাকার সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে ভুক্তভোগী মোসা. তহমিনা অভিযোগ করেন, তার পৈত্রিক জমি কলেজের নামে নেওয়ার কথা বলে অধ্যক্ষ সাইয়েদ আহম্মাদ প্রতারণার মাধ্যমে নিজের নামে লিখে নিয়ে পরবর্তীতে অন্যের কাছে বিক্রি করে দিয়েছেন। একই সঙ্গে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে জমি নেওয়া হলেও সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি।
আরেক ভুক্তভোগী জাহাঙ্গীর সিকদার বলেন, চাকরি দেওয়ার কথা বলে তার বাবার কাছ থেকেও জমি নেওয়া হয়। পরে সেই জমি আত্মসাৎ করে ব্যক্তিগতভাবে ব্যবহার করা হয়েছে। তিনি অভিযোগ করেন, অধ্যক্ষ বিভিন্ন সময়ে চাকরি দেওয়ার নামে একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ গ্রহণ করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করেছেন।
এসময় বক্তারা আরও অভিযোগ করেন, ২০২৩ সালে কলেজটি এমপিওভুক্ত হলেও সেখানে শিক্ষার পরিবেশ নেই বললেই চলে। শিক্ষকরা নিয়মিত উপস্থিত থাকেন না এবং শিক্ষার্থীদের উপস্থিতিও অত্যন্ত কম। কলেজটির সার্বিক পরিবেশ বর্তমানে অব্যবস্থাপনা ও অনিয়মে ভরপুর বলে দাবি করেন তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং তাদের জমি ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
তবে এসব অভিযোগের বিষয়ে অধ্যক্ষ সাইয়েদ আহম্মাদের সাথে কথা বললে তিনি জমি দখলের বিষয় এড়িয়ে যান।