ঢাকা, ২৩ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে একজন এবং হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৩৯ জনের মৃত্যু হয়। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৪ জনে।
এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৯ জন। পাশাপাশি সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৩৩৪ জন।
এছাড়া হাম সন্দেহে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি ১৮ হাজার ৮৪৫ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১৫ হাজার ৭২৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।