আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ২১ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরটি এখন ঝোঁপ-ঝাড় আর জঙ্গলে পরিপূর্ণ হয়ে পড়েছে। ওই সব ঝাউ-জঙ্গল পরিস্কার কিংবা অপসারণের জন্য কারও কোন উদ্যোগ নেই। উপজেলা পরিষদ চত্বরে প্রায় সকল সরকারি প্রশাসনিক দপ্তরগুলি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। যাওয়া-আসার রাস্তা ব্যতিত প্রায় সর্বত্রই বিভিন্ন জঙ্গলে ভরপুর চত্বরটি। যে কোন দর্শণার্থীর চোখ এড়াবে ওই সকল আগাছাগুলি।

উপজেলা পরিষদ চত্বরে বিশালাকৃতির মেহগিনি সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষের পাশাপাশি নানান ফল গাছে শোভিত এলাকাটি আগাছা ও জঙ্গলের কারণে সৌন্ধর্য হারিয়েছে।এখুনি আগাছা পরিস্কার না করলে এলাকাটি বিপদসংকুল পরিবেশ তৈরী হতে পারে। বাসা বাঁধবে বিভিন্ন প্রজাতীর সাপের বসবাসের জন্য অভয়াশ্রম হিসেবে। ঘটে যেতে পারে বড় কোন অপ্রীতিকর ঘটনা। ইতিপূর্বে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক তত্বাবধানে পরিষদ চত্বরটিকে বিউটিফিকেশন কর্মসূচির আওতায় আনা হয়েছিল। এখন অযত্ন আর অবহেলায় প্রায় পুরো চত্বরটিই জঙ্গলাকীর্ণ হয়ে পড়েছে।

আজ সরেজমিনে গিয়ে দেখা গেছে, সমস্ত চত্বর জুড়ে জঙ্লী আগাছায় পরিপূর্ণ হয়ে পড়েছে। এছাড়াও নোংরা আবর্জনা দিয়ে ভরপুর। যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন আবর্জনার স্তুপ। একটি সরকারি স্থাপনায় এরুপ অপরিচ্ছন্ন পরিবেশ কোনভাবেই কাম্য নয়,মনে করেন পরিবেশবাদীগণ। কবে নাগাদ ওই সব অপসারণ করে পরিস্কার-পরিচ্ছন্ন করে ফিরিয়ে আনা হবে সৌন্ধর্য,এটা সচেতনমহলের জিজ্ঞাসা।