ঢাকা, ২০ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন ‘মায়ের ডাক’-এর প্রধান সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। আজ সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

এ খবরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি।

তুলি বলেন, প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই, আমাকে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে মনোনীত করার জন্য।

তিনি বলেন, এই অর্জন শুধু গর্বের বিষয় নয়, বরং এটি আমার জন্য এক বিশাল দায়িত্বের অঙ্গীকার। প্রধানমন্ত্রী এবং দেশের মানুষের আস্থার মর্যাদা রক্ষা করতে আমি সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।

স্ট্যাটাসে তুলি বলেন, জনগণের কল্যাণই আমার রাজনীতির মূল লক্ষ্য ও অঙ্গীকার। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ হাসিলের মাধ্যম নয়—এটি মানুষের সেবা করার এক মহৎ দায়িত্ব। তাই আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সর্বোচ্চ সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের কল্যাণকে সর্বাগ্রে রেখে কাজ করে যাব।

তিনি বলেন, আমি এমন একটি সমাজ গড়ে তুলতে চাই, যেখানে প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত হবে, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ সবার জন্য সমানভাবে পৌঁছে যাবে। দুর্নীতি, বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে আমি সবসময় সোচ্চার থাকব এবং জনগণের ন্যায্য অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করব।

স্ট্যাটাসের শেষে তুলি বলেন, আমার প্রত্যেকটি সিদ্ধান্ত ও কার্যক্রমের কেন্দ্রে থাকবে জনগণের স্বার্থ। আপনাদের আস্থা ও ভালোবাসা নিয়েই আমি একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে চাই। ইনশাআল্লাহ।