মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ১৮ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলার ধামরাই থানাধীন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক পেশাদার ছিনতাইকারী দলের সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর), ঢাকা।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে একটি দল গত শুক্রবার (১৭ এপ্রিল) রাত প্রায় ৭টা ২০ মিনিটে ধামরাইয়ের অর্জুন নালাই এলাকা থেকে মোঃ ফিরোজ কবির (৪৩) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ফিরোজ কবির ধামরাই উপজেলার অর্জুন নালাই পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি একটি সক্রিয় ছিনতাইকারী দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে পূর্বে ৮টি মাদক সংক্রান্ত মামলা ও ১টি অন্যান্য মামলা সহ মোট ৯টি মামলা রয়েছে।
এ ঘটনায় তাকে ধামরাই থানার মামলা নং-০৫, তারিখ ১ মার্চ ২০২৬, দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।