মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ১৭ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পৃথক পৃথক বিশেষ অভিযানে ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি গাঁজা, ৪ গ্রাম হেরোইন এবং পলাতক আসামীর ফেলে যাওয়া ১৪ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে একাধিক টিম অংশ নেয়।
অভিযানের অংশ হিসেবে ১৬ এপ্রিল বিকাল ৩টা ৩০ মিনিটে আশুলিয়ার কুটুরিয়া এলাকায় অভিযান চালিয়ে বিল্লাল হোসেন (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
একই দিনে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে সাভারের বক্তারপুর বেদেপল্লীতে অভিযান পরিচালনা করে রাখাল মাল (৩০) ও আজিত ওরফে কাচু (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা ও ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য যথাক্রমে ৩০ হাজার ও ২৭ হাজার টাকা।
অন্যদিকে রাত ৮টা ৫ মিনিটে ধামরাইয়ের কাওয়াখোলা এলাকায় অভিযান চালিয়ে সামু ওরফে দয়াল ভান্ডারী (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে ৪ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।
এছাড়া রাত ১১টা ২৫ মিনিটে আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকায় আরেকটি অভিযানে পলাতক আসামী এনামুল হকের ফেলে যাওয়া ১৪ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সামু ওরফে দয়াল ভান্ডারীর বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ মোট ৩টি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।