মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ১৬ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকার আশুলিয়ায় পৃথক পৃথক বিশেষ অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৬) রাতে এসব অভিযান পরিচালিত হয়।

প্রথম অভিযানে রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন জামগড়া ফকিরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আলতাব হোসেন (৪১), মোঃ আলমগীর হোসেন (২৬) ও মোঃ আব্বাস (৩৮)। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে ডিবি পুলিশ।

অপরদিকে, একইদিন রাত ১১টা ১৫ মিনিটে আশুলিয়া থানাধীন ফ্যান্টাসি কিংডমের সামনে পৃথক আরেকটি অভিযানে মোঃ সোহান শেখ (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
ডিবি জানায়, গ্রেফতারকৃত সোহান শেখের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেফতার চারজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।