হাবিবুর রহমান হাবিব, শাল্লা উপজেলা (সুনামগঞ্জ), ১৪ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): সুনামগঞ্জের শাল্লায় আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বের করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।
বাঙালিয়ানা সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতা, শিক্ষক-শিক্ষার্থী এবং সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ ঢোল-করতালের শব্দে মেতে ওঠেন উৎসবে। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
নববর্ষের আনন্দ উদযাপনের পাশাপাশি এদিন ছায়ার হাওরের ‘পুটিয়ার বন্ধে’ আনুষ্ঠানিকভাবে ধান কাটা কর্মসূচির উদ্বোধন করা হয়। নতুন বছরকে বরণ করে নেওয়ার পাশাপাশি ভালো ফলনের প্রত্যাশা করেন স্থানীয়রা।