মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ১৪ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলার সাভার থানাধীন পশ্চিম রাজাশন এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-৪, সিপিসি-২, সাভার ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১ কেজি ২৪৫ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাব সূত্রে জানা যায়, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে র্যাবের চলমান অভিযানের অংশ হিসেবে গত ১৩ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়। নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির এবং স্কোয়াড কমান্ডার মোঃ হালিউজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল সাভার থানার পশ্চিম রাজাশন বিরুলিয়া রোডের আমতলা পালোয়ানপাড়া এলাকায় শামীমের অটো গ্যারেজের সামনে রাস্তা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি মোঃ হৃদয় হোসেন ওরফে হৃদয় (২৭), পিতা-মৃত মতিউর রহমান, মাতা-মীনারা বেগম। তার বাড়ি সাভার উপজেলার দেওগাঁও পশ্চিমপাড়া এলাকায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে সাভারসহ আশপাশের এলাকায় ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিল।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। র্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।