গাজীপুর, ১৩ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার (১৩ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী আবুল সরকার জামিনে মুক্তি পেয়েছেন। কারাগারের জেল সুপার হালিমা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৫ এপ্রিল উচ্চ আদালত থেকে আবুল সরকারকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়।
মামলার সূত্রে জানা যায়, গত বছরের ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলীর মেলায় পালাগানের আসরে অংশ নিয়ে তিনি ধর্ম অবমাননাকর মন্তব্য করেছেন এমন অভিযোগ ওঠে। পরে ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
এর পরিপ্রেক্ষিতে ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে তাকে আটক করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। পরদিন তাকে মানিকগঞ্জ ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ওই দিনই ঘিওর উপজেলার মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে থানায় মামলা করেন। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।