মোঃ তাজ উদ্দিন, ভ্রাম্যমান প্রতিনিধি, ০৮ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): দিনাজপুরের ফুলবাড়ী উপজেলাতে তীব্র শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বড় বড় শিলার আঘাতে ঘরের টিনের চাল ফুটো হয়ে গেছে এবং আম-লিচু বাগানসহ বিভিন্ন ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৭এপ্রিল;(মঙ্গলবার) বিকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ১৫ টি গ্রামে এ শীলাবৃষ্টি হয়। টানা শিলাসহ বৃষ্টিতে ঘরবাড়ী ও ফসলের ক্ষতি হয়। জানা যায়, দুপুর থেকে আকাশে ঘন মেঘ জমতে শুরু করে এবং আকাশ গর্জন করতে থাকে। পরে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা ধরে বৃষ্টির সাথে বড় বড় শিলা পড়তে থাকে। এতে রুদ্রানী, কড়াই, সরস্বতীপুর, দামোদরপুরসহ আশপাশের এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
গ্রামের একাধিক বাসিন্দা বলেন, হঠাৎ করেই বড় বড় শিলা পড়া শুরু হয়। শিলার আঘাতে ঘরের টিনের চাল পুরোপুরি ফুটো হয়ে গেছে।
এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবিউল ইসলাম জানান, শিলাবৃষ্টির আঘাতে রুদ্রানী গ্রামসহ এলুয়াড়ী ও কাজিহাল ইউনিয়নের আশপাশের অন্তত ১৫টি গ্রামের কয়েক হাজার ঘরবাড়ি ও ক্ষেতের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে আম ও লিচুর বাগানেও ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহম্মেদ হাচান এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ক্ষতিগ্রস্ত ঘরবাড়ী, ফসলের এলাকা পরিদর্শন করেন। ইউএনও আহম্মেদ হাচান বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়ার জন্য ক্ষয়ক্ষতির প্রাথমিক তালিকা প্রস্তুত করা হচ্ছে।