মোঃ তাজ উদ্দিন, ভ্রাম্যমান প্রতিনিধি, ২৬ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ১৯৭১ সালের বিতর্কিত ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা না চেয়ে উল্টো নতুন বয়ান দাঁড় করানোর চেষ্টা করছে।
ছাত্রদল সভাপতি বলেন, ভবিষ্যতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়েও বিভিন্ন রাজনৈতিক শক্তি নিজেদের মতো করে ভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতে পারে।
রাকিব বলেন, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন ইউনিট শহীদদের স্মরণে কর্মসূচি পালন করেছে। তবে মহান মুক্তিযুদ্ধের চেতনা অনুযায়ী একটি ক্ষুধামুক্ত, বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী শক্তিকে বিদায় জানাতে গিয়ে বিপুল সংখ্যক ছাত্র-জনতা জীবন দিয়েছেন। এরপরও আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতার স্বাদ পাইনি; বরং নতুন নতুন সংকট তৈরি হচ্ছে।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে একটি ফ্যাসিবাদী শক্তিকে বিদায় জানাতে গিয়ে দুই হাজারেরও অধিক ছাত্র-জনতাকে জীবন দিতে হয়েছে। এরপরও আমরা সেই পূর্ণাঙ্গ স্বাধীনতার স্বাদ পুরোপুরি অর্জন করতে পারিনি। নতুন নতুন বাস্তবতা ও সংকট দেশে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে।
তিনি বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ আমরা আবারও নতুন করে শপথ নিতে পারি-নতুন সরকারের অগ্রযাত্রায় আমরা সবাই ভেদাভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ জাতি গঠনে কাজ করব। সেখানে অবশ্যই বিরোধিতা থাকবে, তবে তা হবে যৌক্তিক বিরোধিতা; কোনোভাবেই বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার মতো বিরোধিতা নয়। এমন কোনো কার্যক্রমে আমরা অংশগ্রহণ করব না, যা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বা গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ক্ষতিগ্রস্ত করে।