তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি), ২২ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিন। পাহাড় আর কাপ্তাই লেকের মায়াবী হাতছানিতে পর্যটন নগরী রাঙ্গামাটি এখন পর্যটকদের পদচারণায় মুখরিত। বিশেষ করে রাঙ্গামাটির প্রাণকেন্দ্রে অবস্থিত ‘পলওয়েল পার্ক অ্যান্ড কটেজ’ হয়ে উঠেছে বিনোদনপ্রেমীদের প্রধান আকর্ষণ।
আজ রবিবার সরেজমিনে দেখা যায়, ঈদের আনন্দ ভাগাভাগি করতে আসা সব বয়সী মানুষের ভিড়ে পলওয়েল পার্ক চত্বর উৎসবের আমেজ ধারণ করেছে। কাপ্তাই লেকের কোল ঘেঁষে তৈরি এই পার্কটির প্রাকৃতিক সৌন্দর্য এবং লেকের স্বচ্ছ পানির দৃশ্য পর্যটকদের মুগ্ধ করছে। পার্কের অন্যতম আকর্ষণ ‘ঝুলন্ত সেতু’ দিয়ে লেকের ওপর দিয়ে হাঁটা এবং লেকের তীরে আড্ডায় মেতেছেন দর্শনার্থীরা।
পার্কে আসা পর্যটকদের অনেকেই লেকে নৌকাভ্রমণে মেতেছেন, আবার কেউ কেউ লেক ভিউ পয়েন্টে দাঁড়িয়ে ছবি তুলে সময় কাটাচ্ছেন। বিশেষ করে পরিবারের সদস্য ও বন্ধুদের নিয়ে আসা মানুষের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। কটেজগুলোতে আগাম বুকিং থাকায় অনেক পর্যটক লেকের পাশের নিরিবিলি পরিবেশে সময় উপভোগ করছেন।
পর্যটকদের নিরাপত্তা ও ভ্রমণ আরামদায়ক করতে পলওয়েল পার্ক কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। পাহাড় আর জলরাশির অপূর্ব এই মেলবন্ধনে ঈদের ছুটিতে পর্যটকদের এই ঢল রাঙ্গামাটির পর্যটন খাতে নতুন প্রাণের সঞ্চার করেছে।