ঢাকা, ২১ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার ঈদুল ফিতরের নামাজ শেষে যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ড. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান এবং ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে সবাই অত্যন্ত আনন্দঘন পরিবেশে যৌথ ছবি তোলেন।

সাক্ষাৎকালে তারা পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। কুশলাদি বিনিময়ের পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। এসময় জাতীয় ঐক্য, রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক ধারা আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

ঈদের এই পবিত্র মুহূর্তে দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন উভয় পক্ষ। পাশাপাশি জনগণের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।