ঢাকা, ২০ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার সকালে সৌদি আরবে মিসাইল হামলায় নিহত প্রবাসী মোশারফ হোসেনের মরদেহ দেশে পৌঁছায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ মরদেহ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।পরিস্থিতি বিবেচনায় প্রবাসীদের ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সংঘাতপূর্ণ এলাকায় অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান অগ্রাধিকার। প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে এবং পরিস্থিতি অনুযায়ী এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীদের পাশে সরকার সবসময় রয়েছে। নিহত মোশারফ হোসেনের পরিবারের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে এবং তার দুই সন্তানের শিক্ষার দায়িত্ব নেবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।