তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি), ১৯ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাঙামাটির অন্যতম জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন অর্গানাইজেশন ফর ইউনিটি ট্রাস্ট অ্যান্ড হেল্প (ইয়ুথ)-এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ ও মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে শিশুদের হাতে ঈদের নতুন পোশাক ও উপহার সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি তাদের হাত রাঙিয়ে দেওয়া হয় মেহেদীর রঙে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির বিশিষ্ট ব্যক্তিত্ব এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, এমপি। তিনি সংগঠনের এই মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন,
”সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ইয়ুথ সংগঠনটি যেভাবে শিশুদের ঈদের আনন্দ ভাগ করে নিতে এগিয়ে এসেছে, তা সত্যিই প্রশংসনীয়। সমাজের বিত্তবানদেরও এভাবে এগিয়ে আসা উচিত।”
সংগঠনটির সাধারণ সম্পাদক রুপম তঞ্চঙ্গ্যা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা। অনুষ্ঠানে বক্তারা স্বেচ্ছাসেবামূলক কাজে তরুণ প্রজন্মের অংশগ্রহণকে সাধুবাদ জানান।কয়েক শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে উন্নত মানের ঈদ পোশাক ও প্রয়োজনীয় উপহার বিতরণ করা হয়।শিশুদের ঈদের আনন্দ পূর্ণতা দিতে আয়োজন করা হয় বিশেষ মেহেদী উৎসবের, যেখানে স্বেচ্ছাসেবকরা পরম মমতায় শিশুদের হাত রাঙিয়ে দেন।
সভাপতির বক্তব্যে রুপম তঞ্চঙ্গ্যা বলেন, “আমাদের লক্ষ্য কেবল উপহার দেওয়া নয়, বরং এই শিশুদের মনে ঈদের প্রকৃত আনন্দ পৌঁছে দেওয়া। আমরা চাই প্রতিটি শিশু যেন উৎসবে সমানভাবে শামিল হতে পারে।”
অনুষ্ঠানটি বাংলাদেশ শিশু একাডেমি, রাঙামাটি পার্বত্য জেলা কার্যালয়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। সংগঠনের স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রমে এই আয়োজনটি সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।