ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৭ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): মার্কিন-ইসরায়েলি হামলায় আহত মোজতবা খামেনি বর্তমানে রাশিয়ার মস্কো শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম আল-জারিদা জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত আমন্ত্রণে তাকে মস্কো পাঠানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১২ মার্চ মোজতবা খামেনির সঙ্গে ফোনে কথা হয় ভ্লাদিমির পুতিনের। একই দিন রাশিয়ার সামরিক বিমানে তিনি মস্কোর উদ্দেশ্যে রওনা হন। ক্রেমলিনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘর্ষের প্রথম দিন, ২৮ ফেব্রুয়ারি, মোজতবার বাবা এবং ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। সেই হামলায় তাঁর পরিবারের একাধিক সদস্যও নিহত হন এবং মোজতবা গুরুতর আহত হন।
নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত মোজতবা খামেনি গুরুতর আহত হলেও পায়ে আঘাত প্রাপ্ত এবং প্রাণঘাতী নয় বলে ইরানি সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া। ২০২৪ সালে দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
সূত্র: এএফপি