মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ১৫ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) উত্তর পুলিশ।

রোববার (১৫ মার্চ ২০২৬) ভোর ৩টা ৪০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন হেমায়েতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ সুরুজ মিয়া (৫২)। তিনি সাভারের নামাগেন্ডা (ময়লার মোড়) এলাকার মৃত নুরু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহীন মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

এসময় সুরুজ মিয়ার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১৫ হাজার টাকা। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সুরুজ মিয়ার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ৯টি মামলা রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।