ঢাকা, ১০ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাসের শর্ত বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে ২০২৪ সালের আগের নিয়ম আবার বহাল থাকবে। অর্থাৎ এখন থেকে কোনো শিক্ষাগত যোগ্যতা ছাড়াই কেউ ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি হতে পারবেন।
আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪’ পর্যালোচনা সংক্রান্ত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।
সভায় অংশ নেওয়া কর্মকর্তারা জানান, প্রবিধানমালা সংশোধন করে সভাপতির শিক্ষাগত যোগ্যতা আগের নিয়মে ফিরিয়ে নেওয়া হবে এবং এ সংক্রান্ত আদেশ শিগগিরই জারি করা হবে।
এ ছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির নিয়োগে সংসদ সদস্যের ক্ষমতাও আর থাকছে না। নতুন প্রস্তাব অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ইউএনও, ডিসি ও বিভাগীয় কমিশনারের মাধ্যমে তিনজনের একটি তালিকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠানো হবে। সেখান থেকে একজনকে কমিটির সভাপতি হিসেবে চূড়ান্ত করবে শিক্ষা বোর্ড।
উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসের আগে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি হওয়ার জন্য কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত ছিল না। পরে তৎকালীন আওয়ামী লীগ সরকার ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪’ প্রণয়ন করে এবং তাতে বলা হয়, এইচএসসি বা সমমান পরীক্ষায় অনুত্তীর্ণ কেউ সভাপতি হতে পারবেন না। পরবর্তীতে ২০২৫ সালের ৩১ আগস্ট উচ্চ আদালতের নির্দেশনার পর প্রবিধানমালা সংশোধন করে সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস নির্ধারণ করে গেজেট জারি করা হয়।
সর্বশেষ সেই নিয়ম বাতিল করে আবারও ২০২৪ সালের আগের ব্যবস্থায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।