কাজী আব্দুস সোবহান আকন্দ, ভ্রাম্যমান প্রতিনিধি-ময়মনসিংহ, ০৯ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার (৯ মার্চ) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, পেট্রোল পাম্পগুলোতে যে সমস্যা দেখা দিয়েছে, এটা কোনো সমস্য না। পর্যাপ্ত পরিমাণ পেট্রোল সরকারের কাছে মজুত আছে। পর্যায়ক্রমে তা দেওয়া হবে।
তিনি বলেন, অনেকেই মজুতের করার চেষ্টা করছে। এ ব্যাপারে সরকারের অভিযান অব্যাহত আছে।
ইয়াসের খান চৌধুরী বলেন, দেশের সকল গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, এটাই সরকারের প্রত্যাশা। সরকার চায়, গণমাধ্যম দায়িত্বশীলতার সঙ্গে স্বাধীনভাবে কাজ করুক এবং সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরুক। সাংবাদিকদের নিয়ে নতুন করে নীতিমালা করার ক্ষেত্রে সাংবাদিক সমাজসহ সংশ্লিষ্টদের মতামত নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, কেউ যদি কোনো ব্যক্তি বা গণমাধ্যমের নাম ব্যবহার করে অপকর্ম করে বা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি পরিচালনা করে, তাহলে সংক্ষুব্ধ ব্যক্তি আইনের আশ্রয় নিতে পারেন।
সভায় প্রতিমন্ত্রী দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং প্রতিরোধ এবং যানজট নিরসনের বিষয়েও বিভিন্ন দিকনির্দেশনা দেন। ময়মনসিংহ শহরের যানজটের মূল কারণ রাস্তার সংকট নয়, বরং ব্যবস্থাপনার ঘাটতি। অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং যানবাহন নিয়ন্ত্রণে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং এ ক্ষেত্রে সবাইকে সহযোগিতা করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল, ময়মনসিংহ-২ (তারাকান্দা-ফুলপুর) আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ, ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলন এবং ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাচ্চু।
সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।