অর্থ-বানিজ্য ডেস্ক, ০৯ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট):সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ২০৪ টন ডিজেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রামে পৌঁছেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানায়, পরিশোধিত জ্বালানি তেলবাহী জাহাজটি সোমবার দুপুরে চট্টগ্রামের পতেঙ্গা জেটিতে পৌঁছায়।

সংস্থাটি বলছে, মার্চ ও এপ্রিল মাসের জন্য প্রয়োজনীয় পরিশোধিত জ্বালানি তেল আমদানির ঋণপত্র (এলসি) খোলার কাজ শেষ হয়েছে। এসব তেল সাধারণত ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো দেশগুলোর রিফাইনারি থেকে আসে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি ব্যাহত হচ্ছে। তবে পরিশোধিত জ্বালানিবাহী জাহাজগুলো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো থেকে নিয়মিত আসবে বলে আশা করছে বিপিসি।

উল্লেখ্য, প্রতি মাসে গড়ে ১৫টি চালানে পরিশোধিত তেল দেশে আসে।