মোহাম্মাদ নাদের-যুক্তরাষ্ট্র প্রতিনিধি (ইউএসএ), ০৭ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরেকটি বিমানবাহী রণতরী মোতায়েনের পরিকল্পনা করছে। ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ রণতরীর মোতায়েন-পূর্ববর্তী প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে।
মার্কিন নৌবাহিনীর বরাত দিয়ে বলা হয়েছে, রণতরী এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজ ও বিমানশাখা একত্রিত প্রশিক্ষণ সম্পন্ন করেছে। এই প্রশিক্ষণ জাতীয় দায়িত্ব পালনের আগে সব ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে করতে হয়।
ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ বলতে বোঝানো হয় বিমানবাহী রণতরী এবং তার সঙ্গে থাকা যুদ্ধজাহাজের বহরকে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এই গ্রুপটি শিগগিরই মোতায়েন করা হবে এবং পূর্ব ভূমধ্যসাগরের দিকে যাত্রা করবে।
এদিকে, পূর্ব ভূমধ্যসাগরে এখনও বিশ্বের সর্ববৃহৎ বিমানবাহী রণতরী ইউএসএস গেরাল্ড আর ফোর্ড মোতায়েন রয়েছে। গত বৃহস্পতিবার এটি সুয়েজ খাল পার হয়ে লোহিত সাগরে পৌঁছেছে।
ইরানের ওপর চলমান হামলা অব্যাহত রাখতে আরেকটি রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন বর্তমানে আরব সাগরে অবস্থান করছে।