ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৩ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় দেশে এখন পর্যন্ত কমপক্ষে ৭৮৭ জন নিহত হয়েছেন। গত শনিবার থেকে শুরু হওয়া এই সংঘাতে বিভিন্ন অঞ্চলে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে বলে সংস্থাটি উল্লেখ করেছে।
মার্কিনভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান (এইচআরএএনএ) জানিয়েছে, নিহতদের মধ্যে ১৭৬ জন শিশু রয়েছে। তাদের দাবি, মোট নিহতদের মধ্যে ৭৪২ জনই বেসামরিক নাগরিক।
ইরানি পার্লামেন্টের স্বাস্থ্য কমিটির সদস্য ফাতেমেহ মোহাম্মদবেগি সোমবার বলেন, দেশের অন্তত নয়টি হাসপাতালে হামলা হয়েছে। এসব হামলায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, ১৫৩টি শহর ও ৫০০টির বেশি স্থানে এক হাজারেরও বেশি হামলা চালানো হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেছে।
অন্যদিকে, তেহরানের গান্ধী হাসপাতালে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইসরাইলের সামরিক বাহিনী। এক বিবৃতিতে তারা জানিয়েছে, হাসপাতালকে লক্ষ্য করে কোনো হামলা চালানো হয়নি।
ঘটনার বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।