আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ০১ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): গ্রামীণ ব্যাংক,অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের ডাকে আজ ২৮শে ফেব্রুয়ারি, শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি উপলক্ষ্যে সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠণের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন। সমবেত অবসরকারীরা সুশৃঙ্খলভাবে ঐক্য,কর্ম,শৃঙ্খলা-এই আমাদের পথচলা শ্লোগান দিতে দিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মনববন্ধন কর্মসূচি পালনকালে বক্তারা বলেন, দেশে গ্রামীণ ব্যাংক একমাত্র প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে স্বৈরতান্ত্রিক কায়দায় দ্বৈতনীতি প্রতিষ্ঠা করেন ব্যাংকটির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ড. মুহম্মদ ইউনূস। সংগঠণের কেন্দ্রিয় সভাপতি জনাব মাহাবুবুল আলম বলেন, ” গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের ২০০৪ সালে জারীকৃত প্রজ্ঞাপন মোতাবেক শতভাগ পেনশন সমর্পণকারী প্রতিমাসে চিকিৎসা ভাতা পাবেন এবং সরকার ঘোষিত সকল প্রকার উৎসব ভাতা প্রাপ্য হবেন। ২০১৬ সালে অনুরুপ আরও একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়, শতভাগ পেনশন গ্রহণকারী অবসর গ্রহণের তারিখ থেকে পনের বছর পূর্ণ হলে পূনঃরায় পূর্ণ পেনশন প্রাপ্য হবেন।দেশের সকল পর্যায়ে উক্ত প্রজ্ঞাপন বাস্তবায়ন করা হলেও শুধুমাত্র গ্রামীণ ব্যাংক অদৃশ্য কারণে তা আজও বাস্তবায়ন করেনি।” কেন্দ্রিয় প্রচার সম্পাদক আবু ঈসা মো. আব্দুল্লাহীল কাফী বলেন-“আমরা আমাদের ন্যায্য পাওনার দাবি নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পালন করছি।”
গ্রামীণ ব্যাংক ও ড. মুহম্মদ ইউনূস ২০০৬ সালে যৌথভাবে আন্তর্জাতিক সম্মাননা পুরস্কার “নোবেল” বিজয়ী হয়। যাঁদের মাথার ঘাম পায়ে ফেলে,কঠোর পরিশ্রমের ফসল নোবেল পুরস্কার, সেই কর্মীদের অসময়ে অবসরে যেতে বাধ্য করে সেই পুরস্কারের অংশীদারিত্ব থেকে বঞ্চিত করা হয়েছে। এমনকি সরকার ঘোষিত সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত করা হয়েছে। শ্রমিক ফেডারেশনের কেন্দ্রিয় সাংগঠণিক সম্পাদক রাজু আহমেদ বলেন, ” গ্রামীণ ব্যাংক,অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের মাধ্যমে ন্যায্য পাওনা আদায়ের জন্য রাস্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যাবে। শান্তিপূর্ণ উপায়ে দাবি বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে বৃহত্তর কর্মসূচির মাধ্যমে লাগাতার দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে। ” বক্তরা আরও বলেন, স্বৈরাচারী সাবেক এমডি ড. ইউনূসের অদৃশ্য ইশারায় গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্তদের ন্যায্য পাওনা মিটাতে গড়িমসি করে যাচ্ছে।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভকারীরা প্রায় সকলেই ষাটোর্ধ বয়সী। ন্যায্য পাওনা না পেয়ে পথে পথে ঘুরছেন জাতীর বিবেকরা। প্রায় সকলেই অধিকার বঞ্চিত হয়ে আজ মানবেতর জীবন-যাপন করছেন তাঁরা।
মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি শেষে মিছিলটি এক সমন্বিত সাধারণ সভা অস্থায়ী কেন্দ্রিয় কার্যালয় ২২/১ তোপখানা রোড ,সেগুণবাগিচায় মিলিত হন।উক্ত বৈঠকে ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিষদ আলোচনা হয়।