ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। শনিবার সংস্থাটির মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক এক বিবৃতিতে এ নিন্দা জানান এবং সব পক্ষকে আলোচনায় ফিরে আসার আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘আমি আজ সকালে ইরানজুড়ে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং পরবর্তীতে ইরানের প্রতিশোধমূলক হামলার নিন্দা জানাই।’

ভলকার তুর্ক বলেন, এ ধরনের হামলার ফলে কেবল ‘মৃত্যু, ধ্বংস এবং মানবিক দুর্দশা’ বাড়বে। তাঁর ভাষায়, যেকোনো সশস্ত্র সংঘাতে শেষ পর্যন্ত বেসামরিক নাগরিকদেরই চূড়ান্ত মূল্য দিতে হয়।

তিনি আরও বলেন, ক্ষেপণাস্ত্র ও বোমা কোনো সমাধান নয়; বরং তা মৃত্যু, ধ্বংস ও মানবিক সংকট ডেকে আনে। বেসামরিক মানুষের জন্য ভয়াবহ পরিণতি এড়াতে তিনি সব পক্ষকে সংযম প্রদর্শন, উত্তেজনা প্রশমিত করা এবং আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান।