ঢাকা, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিলের সময় মহিলা আওয়ামী লীগের ৭ নেত্রী ও তাদের বহনকারী মাইক্রোবাসের চালককে আটক করেছে পুলিশ। তথ্যটি নিশ্চিত করেছেন ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান।

শাহ মুস্তফা তারিকুজ্জামান বলেন, “ভোরে ধানমন্ডি-২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোরাঁর সামনে থেকে ২০-২৫ জন নারী একটি মিছিল বের করেন। ‌‘মুজিব প্রেমিক বাংলার নারীরা’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে ৩ নম্বর সড়কের দিকে যান।”

তিনি আরও বলেন, ‘মিছিলের খবর পেয়ে টহলরত মোবাইল টিম ঘটনাস্থলে গেলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে নারীরা পালানোর চেষ্টা করেন। এসময় ৭ নারীকে আটক করা হয়। এ ছাড়া তাদের বহনকারী হায়েস মাইক্রোবাস জব্দ ও এর চালককে আটক করা হয়েছে।’

আটকদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।