তপু বড়ুয়া (রাঙ্গামাটি), ২৬ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ” পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী জনাব দীপেন দেওয়ান, এমপি আগামীকাল ২৭ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার) থেকে ৬ দিনের সরকারি সফরে চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলা অভিমুখে যাত্রা করবেন।
মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, শুক্রবার সকালে তিনি ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছাবেন এবং সেখান থেকে সড়কপথে রাঙ্গামাটি সার্কিট হাউজে উপস্থিত হবেন। সফরের প্রথম দিন তিনি জেলা প্রশাসনের প্রতিনিধিদের সাথে বিশেষ সাক্ষাৎ করবেন।
সফরের দ্বিতীয় দিন (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রী রাঙ্গামাটি রাজবন বিহারের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেবেন এবং সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), রাঙ্গামাটি জেলা শাখা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ১ মার্চ তিনি স্থানীয় সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করবেন। ২ মার্চ সোমবার সন্ধ্যায় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাঙ্গামাটি জেলা শাখা আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন।
আগামী ৪ মার্চ বুধবার স্থানীয় বিভিন্ন কর্মসূচি সম্পন্ন করে সন্ধ্যায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর হয়ে মাননীয় মন্ত্রী রাজধানী ঢাকায় প্রত্যাবর্তন করবেন। মন্ত্রীর এই সফরকালীন নিরাপত্তা ও প্রোটোকল নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।