ঢাকা, ১১ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে নাটক সাজিয়ে আটক করা হয়েছে।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আমাদের একজন দায়িত্বশীল আজ ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে গেছেন। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করেছে। তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে ব্যবসার জন্য সাথে কিছু নগদ টাকা নিয়েছিলেন। এটি খুবই স্বাভাবিক। একজন মানুষ ব্যবসা করতে পারেন। তার পরিবারের প্রয়োজনে বা অন্য প্রয়োজনে তিনি টাকা বহনও করতে পারেন। এ কথা স্পষ্ট করার পরও এয়ারপোর্টের মতো একটি রেস্ট্রিক্টেট এরিয়ায় নাটক সাজিয়ে তাকে আটক করা হলো।

আইনশৃঙ্খলা বাহিনীর এই আচরণকে মানসিক নির্যাতন উল্লেখ করে তিনি জানান, তিনি (ঠাকুরগাঁও জেলা আমির) একজন বয়স্ক লোক। মানসিক এই টর্চারের কারণে ইতোমধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে এখন রংপুর মেডিকেল হাসপাতালে নেওয়া হচ্ছে।

এ ধরনের আচরণের পেছনে জামায়াতকে বিতর্কিত করার অপপ্রয়াস রয়েছে বলে দাবি করেন জামায়াতের এই মিডিয়া প্রধান। তিনি বলেন, আমরা খুবই দৃঢ়তার সাথে বলতে চাই, বাংলাদেশ জামায়াতে ইসলামী তার কর্মপন্থা ও সাংগঠনিক কার্যক্রম সর্বদা স্বচ্ছতা ও জবাবাদিহিতার সাথে পালন করে থাকে। জামায়াতে ইসলামীকে এবং জামায়াত ইসলামীর নেতৃবৃন্দকে বিতর্কিত করার জন্য এ ধরনের অপপ্রয়াস চালানো হয়েছে।

তিনি আরো বলেন, আমার কাছে মনে হচ্ছে, একদল লোক রাজনৈতিকভাবে জামায়াতে ইসলামীকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে একের পর এক এসব ঘটনা।

উল্লেখ্য, নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল টাকাসহ ঠাকুরগাঁওয়ের জামায়াত আমিরকে আটক করা হয়েছে। আটকের সময় তার কাছে নগদ অর্থসহ বেশকিছু নথিপত্রও পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই চলছে।