আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ০৭ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জে এবারে ব্যাপক সরিষা চাষে সাফল্য এনেছে কৃষিতে। আমন ধান কাটার পর পরই এই এলাকায় কৃষকরা আলু চাষে ব্যস্ত হয়ে পড়েন প্রতি বছর। গত বছর আলুতে লোকসান গুণতে হয়েছে সকল কৃষককেই। যে জমিতে প্রতি বছর আলু চাষের ধুম পড়ে যেত,সেখানে প্রায় অর্ধেক জমিতে এখন হলুদ রঙের সমারোহ।যেদিকে দু’চোখ যায় শুধুই হলুদ ফুলের ছড়াছড়ি।
সরিষা চাষের খরচ আলু চাষের চেয়ে অনেক কম। সার,ঔষধ,সেচ তেমন একটা নেই বললেই চলে।আলুতে যেমন পরিশ্রম ঠিক তেমনই খরচও অনেক বেশী। গত বছরের লোকসান পুষিয়ে নিতে তাই এ বছর ব্যাপক হারে সরিষা চাষে ঝুঁকেছে অত্র অঞ্চলের কৃষককূল। মাঠে মাঠে ঘুরে ঘুরে দেখা গেছে হেক্টর হেক্টর জমিতে শুধু সরিষা আর সরিষা। অথচ গত বছরও এসব জমিতে আলু চাষে সবুজ বিপ্লব ঘটিয়েছিলেন পীরগঞ্জের কৃষকরা।
উপজেলার ৯,১০,১২ ও ১৩ নম্বর ইউনিয়নের বেশীরভাগ জমিতেই আলু চাষ হয় প্রতি বছর।
সরকারি ক্রয় ব্যবস্থার ব্যর্থতায় কৃষক লক্ষ লক্ষ টাকা লোকসান গুণেছে। তাই এবারে অত্র অঞ্চলের বেশীরভাগ কৃষক তাঁদের জমিতে সরিষা চাষ করেছেন। সরিষাতে এখন ফুল ও ফল আসতে শুরু করেছে,কৃষকের মুখে হাসি ফুটেছে। সরিষা একটি অর্থকরী ফসল। সরিষা চাষের সফলতায় কৃষকরা আলু চাষের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রণোদনার মাধ্যমে সরিষা চাষে সহযোগিতা করেছেন,জানালেন উপকারভোগী কৃষকগণ।